১৯ নভেম্বর, ২০২৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। রুয়েট ক্যাম্পাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। ১২ শতাধিক আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন প্রায় ১৮ হাজার শিক্ষার্থী।
বুধবার (১৮ নভেম্বর) রুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড থাকতে হবে।
এছাড়া, প্রার্থীকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট ন্যূনতম জিপি ১৩.০০ থাকতে হবে। তবে এই তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ অর্জন করতে হবে।
অন্যদিকে, জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্যও নির্ধারিত যোগ্যতা রাখা হয়েছে। তাদের জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর অথবা এর পরে ‘এ’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো বিষয়ে সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।