☰
✕

সড়ক দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে ১২ লাখ টাকা দিল ওয়ালটন প্লাজা

১৯ নভেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত লালমনিরহাটের পাটগ্রাম ওয়ালটন প্লাজা শাখার ম্যানেজার রফিকুজ্জামান পলাশের পরিবারকে যাবতীয় পাওনা বাবদ ১২ লাখ ৬২ হাজার ৮৬০ টাকার চেক দিয়েছে ওয়ালটন প্লাজা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে নিহত রফিকুজ্জামানের স্ত্রী মোস্তারি পারভীন সাথীর হাতে চেকটি তুলে দেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ালটন প্লাজার চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ফাহিম মাহবুব, এফসিএমএ; হেড অব অডিট ইয়াসিন আলী; হেড অব এইচআর ফয়সাল ওয়াহিদ এবং হেড অব সেলস এম এম নাজমুল হাসান।

রফিকুজ্জামান পলাশ ১৯৯৫ সালের ২ সেপ্টেম্বর রংপুর জেলার বদরগঞ্জ থানার মাস্টারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৮ সালের ১৫ এপ্রিল ওয়ালটন প্লাজায় যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটিতে ৭ বছর ১০ মাস ১৩ দিন কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি লালমনিরহাটের পাটগ্রাম ওয়ালটন প্লাজা শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২৮ ফেব্রুয়ারি দায়িত্ব পালনকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ছয় বছর বয়সী এক ছেলে ও এক বছর বয়সী এক মেয়েসহ স্ত্রী, বাবা-মা এবং মাস্টার্সে অধ্যয়নরত দুই ছোট ভাইকে রেখে যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার এমন অকালমৃত্যুতে ওয়ালটন প্লাজা পরিবার গভীরভাবে শোকাহত।