১৯ নভেম্বর, ২০২৬
ঝালকাঠি জেলার পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন ও পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়াতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাঠালিয়া উপজেলার ছৈলারচরের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন, পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি এবং যাতায়াতব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
এছাড়া জেলার ঐতিহ্যবাহী পেয়ারাবাগান পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলা, পঞ্চনদীর মোহনায় প্রস্তাবিত ধানসিঁড়ি সাংস্কৃতিক কেন্দ্রে জোছনা উৎসব আয়োজন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
জেলার অন্যান্য দর্শনীয় স্থান উন্নয়ন, বিভিন্ন পুকুরের পাড় নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীরোদ বরণ জয়ধর, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, বন কর্মকর্তা জাকিরুল হক সরকার, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।