☰
✕

অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি এনসিপির

১৯ নভেম্বর, ২০২৬

দেশজুড়ে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ, হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের অন্তত ৩৭টি শাখায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি বলেছে, এসব নাশকতা কঠোর হাতে দমন করতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানায় এনসিপি।

বিবৃতিতে দলটি অভিযোগ করে, গত কয়েক দিনে পতিত আওয়ামী লীগের পক্ষ থেকে ধারাবাহিক পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা, থানায় আগুন দেওয়া, একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

এনসিপির বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে পরাজিত হয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দলটির অভিযোগ, এসব সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, অর্থায়ন ও পরিচালনা ভারতের মাটি থেকে করা হচ্ছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া নির্দেশনায় দেশের ভেতরে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলেও দাবি করেছে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, নাশকতার লক্ষ্যবস্তু থেকে দেশের নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭টি শাখায় ধারাবাহিক হামলা চালানো হয়েছে বলে দাবি করে এনসিপি। দলটির ভাষ্য, দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ প্রদানকারী এই প্রতিষ্ঠান বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব হামলায় দরিদ্র পরিবারগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যাচ্ছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। চলমান অগ্নিসংযোগ ও নাশকতা কঠোর হাতে দমন করে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি বিদেশের মাটিতে অবস্থান করে যারা বাংলাদেশের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ নিতে হবে। মাঠপর্যায়ের নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশের সরকারি-বেসরকারি স্থাপনা ও মানুষের জানমাল আক্রান্ত হওয়ার পরও সরকার হাতগুটিয়ে বসে থাকতে পারে না। এসব কর্মকাণ্ড জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বের প্রতি হুমকি বলেও মন্তব্য করেছে দলটি।

আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে নির্বাচিত সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।