☰
✕

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে দ্বিতীয়

১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে বায়ুদূষণ। শীতের আমেজ শুরু হলেও বায়ুমানের স্কোরে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি; বরং বৃষ্টির দিনে দূষণ সাময়িকভাবে কিছুটা কমলেও পরক্ষণেই তা আবার বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় আজও ভালো নেই ঢাকার বাতাস। ২৩১ স্কোর নিয়ে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় থাকা ঢাকা আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের শহর লাহোর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ২৬৯ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। আর ১৮৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

অন্যদিকে, দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১০১ থেকে ১৭৮-এর মধ্যে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (একিউআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ বলে বিবেচিত হয়।৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

আর ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়।