১৯ নভেম্বর, ২০২৬
শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে প্রতিদিন নানা সরকারি-বেসরকারি সেবা নিতে বিপুলসংখ্যক মানুষ নরসিংদী পৌর শহরে আসেন। কেউ জমির দলিল করতে, কেউ সরকারি দপ্তরে প্রয়োজনীয় কাজে, আবার কেউ চিকিৎসা কিংবা কেনাকাটার জন্য আসেন। তাদের ঘিরে প্রতিদিন কর্মচঞ্চল থাকে শহরটি। কিন্তু জরুরি প্রয়োজনে শৌচাগার ব্যবহারের সুযোগ পান না অনেকে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য এ সংকট বড় দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
নরসিংদী প্রথম শ্রেণির পৌরসভা। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা হাসপাতাল, সদর উপজেলা পরিষদ, সাব-রেজিস্ট্রি অফিস ও বিআরটিএসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি দপ্তরগুলো এ পৌর শহরে অবস্থিত। এ ছাড়া রয়েছে বড় বাজার, বাসস্ট্যান্ড, বিপণিবিতান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব জায়গায় প্রতিদিন নানা প্রয়োজনে আসেন বিপুলসংখ্যক মানুষ। অথচ তাঁদের জন্য পর্যাপ্ত গণশৌচাগারের ব্যবস্থা নেই।
নরসিংদী পৌরসভার তথ্য অনুযায়ী, শহরে বর্তমানে গণশৌচাগার রয়েছে মাত্র পাঁচটি। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্ট এলাকায় একটি, নতুন বাসস্ট্যান্ডে দুটি এবং বড় বাজার এলাকায় দুটি। সংখ্যায় কম হওয়ার পাশাপাশি এসব শৌচাগার ব্যবহারের সুযোগও নির্দিষ্ট সময় ও এলাকার মধ্যে সীমাবদ্ধ। জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত এলাকার শৌচাগারটি মূলত অফিস চলাকালে ব্যবহার করা যায়। বাসস্ট্যান্ডের শৌচাগারগুলো যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যবহার করেন। আর বড় বাজারের শৌচাগার দুটি মূলত বাজারকেন্দ্রিক।
ফলে শহরের গুরুত্বপূর্ণ অনেক এলাকায় চলাচল করা মানুষের জরুরি প্রয়োজনে শৌচাগার ব্যবহারের সুযোগ কম। বিশেষ করে সদর উপজেলা মোড়, ডিসি রোড, লাইব্রেরি পট্টি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশপাশে এ সংকট বেশি। শৌচাগার না পেয়ে অনেকে স্থানীয় মসজিদ, বিপণিবিতান, হোটেল-রেস্তোরাঁ কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শৌচাগার ব্যবহারের চেষ্টা করেন। তবে সব জায়গায় সেই সুযোগ মেলে না। কোথাও কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায় না, কোথাও পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। পুরুষেরা কোনোভাবে পরিস্থিতি সামাল দিতে পারলেও নারীদের জন্য তা আরও কঠিন। দীর্ঘ সময় প্রস্রাব-পায়খানার বেগ চেপে রাখায় শারীরিক অস্বস্তির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
এদিকে নির্দিষ্ট শৌচাগার না থাকায় কেউ কেউ রাস্তার পাশে, নর্দমার ধারে, খোলা জায়গায় কিংবা জনচলাচল কম এমন গলিতে মলমূত্র ত্যাগ করছেন। এতে শহরের পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধে পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়ছে। এমনিতেই শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের ক্ষোভ রয়েছে। এর সঙ্গে গণশৌচাগারের সংকট জনদুর্ভোগ আরও বাড়িয়েছে।
নরসিংদী সদর উপজেলা মোড়ের একটি কম্পিউটারের দোকানে জমির চুক্তিনামার খসড়া লিখতে আসা আরিফ মিয়া বলেন, মাধবদী থেকে সকালে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে এসেছিলেন। সেখানে কাজ শেষে একটি দোকানে চুক্তিনামার খসড়া লিখতে বসেন। বাড়ি থেকে আসার পরপরই প্রস্রাবের বেগ অনুভব করলেও শৌচাগার না থাকায় যেতে পারেননি। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পর আর বেগ চেপে রাখতে না পেরে একটি সরু গলিতে গিয়ে প্রয়োজন সারেন। তিনি বলেন, ডিসি রোডের আশপাশে গণশৌচাগার থাকলে তাঁকে এমন সমস্যায় পড়তে হতো না।
শহরের লাইব্রেরি পট্টিতে বই কিনতে আসা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কফিল উদ্দিন বলেন, বছরের শুরুতে বই কিনতে এসে হঠাৎ শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়। আশপাশে গণশৌচাগার না থাকায় যেতে পারেননি। শেষ পর্যন্ত শৌচাগারে যাওয়ার চাপ নিয়েই বাড়ি ফিরতে হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নরসিংদীর সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, পৌর কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনার অভাবেই দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান হচ্ছে না। জনস্বাস্থ্য ও নাগরিক সুবিধার কথা বিবেচনা করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ও পরিচ্ছন্ন গণশৌচাগার নির্মাণ এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। পাশাপাশি ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে হবে এবং ফুটপাতের অবৈধ দোকান অপসারণ করতে হবে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, গণশৌচাগার আসলেই প্রয়োজনীয় একটি নাগরিক সুবিধা। পৌর শহরে এ ধরনের শৌচাগারের আরও চাহিদা রয়েছে। মানুষের প্রয়োজন বিবেচনায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নতুন গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।