☰
✕

কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পদক্ষেপ নেবে বাংলাদেশ

১৯ নভেম্বর, ২০২৬

কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান মন্ত্রী। বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।

কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।

আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা উঠে আসে। কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদ ঘিরে যৌথ উদ্যোগের পাশাপাশি কৃষি ও সেবা খাতে সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়। এ ছাড়া শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে দুই পক্ষ একমত হয়। সূত্র : বাসস।