১৯ নভেম্বর, ২০২৬
খাগড়াছড়িতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য ও ফলাফল তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিসংখ্যান বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি জেলার অর্থনৈতিক ইউনিট, কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটিরশিল্প এবং নারীদের অংশগ্রহণসহ জেলার সামগ্রিক অর্থনৈতিক চিত্র তুলে ধরা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ রিয়াসাদ উদ্দিন। মূল প্রবন্ধে খাগড়াছড়ি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন চিত্র তুলে ধরে জানানো হয়, জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৫৩ হাজার ৪৪৫টি। এসব অর্থনৈতিক ইউনিটে মোট ১ লাখ ২৫ হাজার ৯৫৩ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে মোট কর্মরত জনবলের ১৫ দশমিক ৬২ শতাংশ নারী। এ ছাড়া জেলার মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৯৫ শতাংশই ক্ষুদ্র ও কুটিরশিল্পভিত্তিক।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক শুমারি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শুমারির মাধ্যমে সারা দেশের পাশাপাশি খাগড়াছড়ি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য উঠে এসেছে। ভবিষ্যতে জেলার উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা।
সেমিনারে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে অর্থনৈতিক শুমারির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংগৃহীত এসব তথ্য নিজ নিজ ক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তারা