১৯ নভেম্বর, ২০২৬
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলে অবস্থানরত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে তাদের হল থেকে বের করা না হলে ছাত্রদল নিজেই বের করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান।
বুধবার রাত আনুমানিক ১২টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়।
সমাবেশে জহির রায়হান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো স্থান হবে না। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ বীর আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্রলীগের কখনোই ঠাঁই হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের পদধারী যারা হলে অবস্থান করছেন, তাদের বিতাড়িত করার দাবি জানাচ্ছি। অন্যথায় ছাত্রদল তাদের হল থেকে বের করে দেবে।
এ সময় তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অর্থ দিয়ে ছাত্রলীগকে সংগঠিত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ছাত্রলীগকে এই বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া হবে না।