☰
✕

লৌহজংয়ে ১৯৮০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১৯ নভেম্বর, ২০২৬

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে এ প্রণোদনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শান্তনা রানী ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকাইয়া শারমিন, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগরসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকদের অধিক পরিমাণে সরিষা চাষে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের ১ হাজার ৯৮০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সরিষার আবাদ সম্প্রসারণের পাশাপাশি ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছে কৃষি বিভাগ।