সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকার মাদকসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

২৩ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ৩২ লাখ টাকার সমমূল্যের ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. সাইমন (২৬), মো. ওমর ফারুক (২৪), মো. সাব্বির হোসেন (২৬) ও মো. রুবেল হোসেন (৩৪)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৫০ বোতল ফেনসিডিল ও ৮ হাজার ৪০০ পিস ইয়াবা।

জানা গেছে, মঙ্গলবার বিকালের দিকে সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড বাসস্ট্যান্ডে জনতা পুস্পালয় নামক ফুলের দোকানের সামনে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মো. সাইমন, ওমর ফারুক ও মো. সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের দাম প্রায় ছয় লাখ টাকা।

অপরদিকে, সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার হচ্ছে, এমন সংবাদে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু মঙ্গলবার দুপুরে সানারপাড়ে জোনাকী ফিলিং স্টেশনের সামনে তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে মো. রুবেল হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ লাখ টাকা মূল্যমানের ৮ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।