২৩ অক্টোবর, ২০২৪
নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এর আগে সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কলসহাটি গ্রামে জুয়ার আসরে অভিযান চালায় যৌথ বাহিনী। আটককৃতরা হলেন ওই ইউনিয়নের কলসহাটি গ্রামের শেখ মোস্তফা কামাল বাবলু যিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অপর জন একই এলাকার আব্দুল কুদ্দুছ।
পুলিশ জানায়, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় নিয়মিত লাখ লাখ টাকার জুয়া খেলার আসর বসানো হচ্ছিল। গোপন সংবাদের খবরে যৌথবাহিনী গত সোমবার (২১ অক্টোবর) রাতে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে। এ সময় বিএনপি নেতা শেখ মোস্তফা কামাল বাবলু ও আব্দুল কুদ্দুছকে আটক করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়ছে।