☰
✕

ওয়ালটনের ইভি প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হলেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া

১৯ নভেম্বর, ২০২৬

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ইলেকট্রিক ভেহিকেল (ইভি) প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়া স্বর্ণা। প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত সবচেয়ে ভবিষ্যৎমুখী এই উদ্যোগের নেতৃত্বে তিনিই সর্বকনিষ্ঠ।

কোম্পানির নির্বাহী কমিটির ৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৭ নভেম্বর ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্যবসার নতুন খাতে প্রতিষ্ঠানের সম্প্রসারণের ধারায় ইভি প্রকল্পকে সুষ্ঠু ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়াই এই নিয়োগের লক্ষ্য।

রিফা তাছনিয়া স্বর্ণার কাছে এই দায়িত্ব গভীরভাবে ব্যক্তিগত। ইলেকট্রিক ভেহিকেল প্রকল্পটি ছিল তার প্রয়াত ভাই, ওয়ালটন গ্রুপের পরিচালক মাহবুব আলম মৃদুলের (১৯৯৭–২০২১) স্বপ্ন। দেশেই বিদ্যুৎচালিত যানবাহন তৈরির লক্ষ্য ছিল তার, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তিনি না-ফেরার দেশে চলে যান। ভাইয়ের সেই অসমাপ্ত স্বপ্নকে এখন নতুন করে এগিয়ে নিচ্ছেন বোন রিফা।

নতুন দায়িত্বে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম তদারকি করবেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। তার বিচক্ষণতা, বলিষ্ঠ নেতৃত্ব ও ধারাবাহিক তদারকিতে প্রকল্পটির সফল বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছে পরিচালনা পর্ষদ।

রিফা তাছনিয়া স্বর্ণা দেশের উদীয়মান ব্যবসায়ী নেতৃত্বের অন্যতম মুখ। একাধিক খাতে তিনি ইতোমধ্যে নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বিলাসবহুল ব্রাইডাল ও অকেশন ওয়্যার ব্র্যান্ড ‘সাভাতা বাই রিফাহ’-এর প্রতিষ্ঠাতা, রেডমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং বসুন্ধরা আবাসিক এলাকার জনপ্রিয় রেস্তোরাঁ কাভা-এর অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। ইভি প্রকল্পের নেতৃত্বের মধ্য দিয়ে তিনি এখন ভবিষ্যৎমুখী শিল্পের সামনের সারিতে, যা আগামী দিনে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে নতুন রূপ দেবে।