☰
✕

চাটখিলের আট ইউনিয়ন পরিষদে যুবদল-ছাত্রদলের তালা

২০ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে আটটিতে তালা দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এ সব ইউনিয়নে ফ্যাসিস্ট ও তাদের দোসররা চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়। এসময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে শাহাপুর ছাড়া বাকি আটটিতে তালা দেওয়া হয়।

ইউনিয়ন পরিষদগুলো হলো রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া।

সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ভাষ্য, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভ থেকে এসব ঘটনা। কয়েকটি পরিষদে নেতাকর্মীরা ‘ওপরের নির্দেশ’ আছে বলে তালা দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে একদল নেতাকর্মী অবস্থান নিয়ে উসকানিমূলক স্লোগান দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা ইউনিয়ন পরিষদে ঢুকে তার কক্ষের চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করেন।

এসময় প্রয়োজনীয় সরকারি কাগজপত্রও তছনছ করা হয়। পরে সেবা নিতে আসা লোকজন ও কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে দুপুর ১২টার দিকে নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে যান একদল নেতাকর্মী। তারা ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে তাকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন। তখন পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল।

পরে চেয়ারম্যান নিজের কক্ষে তালা দিয়ে চলে যান। এরপর নেতাকর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং সচিবসহ অন্যদের বের করে দেন। এতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমও ব্যাহত হয়। পরে বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের মধ্যে পণ্য বিতরণ করতে বাধ্য হন ডিলার।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আবু হানিফ বলেন, বিষয়টি আমি সন্ধ্যার দিকে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। যারা বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের অর্থায়নের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলব।

আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, স্থানীয় কিছু নেতা এসব তালা দিয়েছেন। ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান ছিল তাদের কিছু ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে তারা এমনটি করেছে।

তিনি আরো বলেন, আমি তাদের বলেছি, আপনারা যা করেছেন, তা সরকারের পক্ষে যাচ্ছে না। তারা বলেছেন, বিষয়টি না বুঝে করেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রবিবার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম আবার চালু হবে।