২০ নভেম্বর, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নাশকতার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর মো. সালাহ্ উদ্দিন গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।
মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর দিনব্যাপী গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে নাশকতা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা পরিবেশ বিরাজ করে। ওইদিন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকেল ৩টার দিকে আন্দোলনকারী বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে। এসব ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।