☰
✕

পুলিশের চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৪৭

২০ নভেম্বর, ২০২৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৯৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ১৯৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন, পরোয়ানামূলে ১০০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক বহনকারী ৩ জন এবং মাদকসেবী ৫৯ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৬ মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময়ে মাদকদ্রব্য সংক্রান্ত ৩৯টি মামলা দায়ের করা হয়।

অভিযানে ৩৩ হাজার ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদ, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৬৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারকৃতদের সংখ্যা হলো—চট্টগ্রামে ৪৮, কক্সবাজারে ৯, কুমিল্লায় ৪০, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ১৫, ফেনীতে ১৭, লক্ষ্মীপুরে ১২, রাঙামাটিতে ৪ এবং খাগড়াছড়িতে ৪ জন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৩০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চট্টগ্রামে ৪৩, কক্সবাজারে ১৭, কুমিল্লায় ২১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২১, নোয়াখালীতে ১৮, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৩৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ৮ এবং বান্দরবানে ৬ জন রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে পরিচালিত এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।