২০ নভেম্বর, ২০২৬
বান্দরবান জেলায় সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত ‘বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন’-এর আওতায় তিন সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে বান্দরবান সেনা রিজিয়ন মাঠে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬৯ পদাতিক ব্রিগেডের বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনায় এবং ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি পরিচালিত এ প্রশিক্ষণে অংশ নেন ১৩ জন প্রশিক্ষণার্থী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বান্দরবান জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের অধীন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই-এর ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওনসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংবাদকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান এবং বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করেছেন।
এই অর্জন তাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ জীবনকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।