২০ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালংকার আত্মসাতের বিরোধের জেরে মো. আলমগীর (৩৯) নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভাই ও ভাবিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতার ব্যক্তিদের দেখানো মতে হত্যায় ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেফতার দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সাদ্দাম হোসেন (৩৩), মো. শফিকুল ইসলাম (৩৩), মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) ও রিনা বেগম (২৪)।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানার বিনোদপুর এলাকার বাসিন্দা আলমগীর বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের ছয় দিন পর ১৭ নভেম্বর সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিরনগর এলাকার একটি আকাশমণি গাছের বাগানে খড়ের স্তূপের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় আলমগীরের মা ছায়েরা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় হত্যা মামলা করেন। ১৮ নভেম্বর দায়ের করা মামলাটির তদন্তভার ১৯ নভেম্বর স্ব-উদ্যোগে গ্রহণ করে পিবিআই মুন্সীগঞ্জ জেলা। এরপর তদন্তকারী কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে শনাক্ত করে গ্রেফতার করেন।
তদন্তে বেরিয়ে আসে, নিহত আলমগীর তার ভাই জাহাঙ্গীর হোসেন ও ভাবি রিনা বেগমের কাছে এক ভরি স্বর্ণালংকার জমা রেখেছিলেন। আলমগীরের অজান্তে ওই স্বর্ণালংকার থেকে তিন আনা বন্ধক রেখে আট হাজার টাকা নেন তারা। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়ভাবে সালিশ হয়। সালিশে স্বর্ণালংকার ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও তা ফেরত না দিয়ে আলমগীরকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর ও রিনা। এ জন্য সাদ্দাম হোসেনকে এক লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, সাদ্দাম ও শফিকুল বিয়ের পাত্রী দেখানোর কথা বলে আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেন। পরে অটোরিকশায় করে তাকে কালিরনগর এলাকায় নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে মারধর করে ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ খড়ের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যান তারা।
পিবিআই জানায়, গ্রেফতার ব্যক্তিদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সাদ্দাম হোসেন ও শফিকুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।