☰
✕

শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান

২০ নভেম্বর, ২০২৬

কঠিন সময় যাচ্ছে ভারতীয় অভিনেতা শরদ কাপুরের। কাজ নেই অনেকদিন ধরে। আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করেছিলেন একসময়ের দাপুটে এই অভিনেতা। তার সেই আবেদন দেখে পাশে দাঁড়িয়েছেন বলিউডের কয়েকজন তারকাও; সাড়া দিয়েছেন শাহরুখ খানও। 

‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন শরদ। সম্প্রতি শরদ জানালেন, কাজের আবেদন জানিয়ে ভিডিও প্রকাশের পরই তাকে ফোন করেন শাহরুখ। এ সময় অভিনেতাকে নিজের পছন্দের কাজ করার পরামর্শ দেন তিনি। 

শরদের ভাষায়, ‘শাহরুখ বলেছে, তোমার যা ভালো লাগে, তুমি সেটাই করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’ শিগগিরই শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তার, জানান অভিনেতা।

‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন শরদ। তিনি জানান, শাহরুখের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো ছিল। শাহরুখের প্রশংসা করে শরদ বলেন, তিনি অনেক বড় মাপের মানুষ।

বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন শরদ। সম্প্রতি তার শারীরিক ও আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্তদের মধ্যে। চার পোষা কুকুরকে অন্যত্র পাঠানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে নিজেই একটি ভিডিও প্রকাশ করে কাজের সুযোগ চান অভিনেতা।

১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন শরদ। মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। তবে ২০০০ সালে মুক্তি পাওয়া শাহরুখের সঙ্গে ‘জোশ’ সিনেমাটি তাকে আরও বেশি পরিচিতি এনে দেয়