২০ নভেম্বর, ২০২৬
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুলিশের এক কনস্টেবলের দ্রুতগতির গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়েছে ১২ বছরের এক শিশু।অভিযোগ, গাড়িচালক ওই পুলিশ সদস্য মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর শিশুটি গাড়ির নিচে আটকে পড়লে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ চেষ্টায় তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত পুলিশ সদস্যকে পালাতে বাধা দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে তার গাড়ি তল্লাশি করে মদের বোতল, সিগারেট ও একটি লাইটার পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
গাড়ির ধাক্কায় শিশুটি নিচে পড়ে গেলে গাড়ির চাকার নিচে আটকে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও স্থানীয় বাসিন্দারা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে তাকে গাড়ির নিচ থেকে বের করে আনেন।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে লোকজন জড়ো হতে শুরু করেন। তাদের অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন পাঞ্জাব পুলিশের এক কনস্টেবল এবং তিনি তখন মদ্যপ অবস্থায় ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তের নাম অমৃতপাল সিং বলে শনাক্ত করেন।
আম্বেদকর সমাজ দলের যুব সভাপতি রাহুল সোরি দাবি করেন, দুর্ঘটনার সময় ওই পুলিশ সদস্য প্রচণ্ড নেশাগ্রস্ত ছিলেন। তার দাবি, অমৃতপাল ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। তার চোখ প্রায় বন্ধ হয়ে আসছিল এবং তিনি বমিও করছিলেন। পরে স্থানীয় বাসিন্দারা তার গাড়িতে তল্লাশি চালিয়ে একটি মদের বোতল, সিগারেট ও লাইটার পান বলে জানান।
আম্বেদকর সমাজ দলের পাঞ্জাব শাখার চেয়ারম্যান ভিকি অভিযোগ করেন, শিশুটিকে গাড়িচাপা দেওয়ার পর গাড়ি থামিয়ে তাকে উদ্ধারের ব্যবস্থা করার পরিবর্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত কনস্টেবল। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও তরুণেরা দ্রুত গাড়িটি ঘিরে ফেলেন। ফলে তিনি পালাতে পারেননি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আহত শিশুটির পরিবারের পক্ষ থেকেও অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। শিশুটির ফুফু প্রীতি জানান, অল্প বয়সেই শিশুটি তার বাবা-মা ও দাদা-দাদিকে হারিয়েছে। বর্তমানে পরিবারের সদস্যরা ভাড়া বাড়িতে বসবাস করেন। তাদের মধ্যে কয়েকজন শারীরিক প্রতিবন্ধকতার শিকার। ফলে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থা অত্যন্ত সীমিত।
প্রীতি বলেন, শিশুটির যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তার দাবি, তদন্ত শেষ হওয়ার অপেক্ষা না করে অভিযুক্ত পুলিশ সদস্যকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করতে হবে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত কনস্টেবলকে আটক করা হয়। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে পুলিশ।
এক পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আহত শিশুটির শারীরিক পরীক্ষা ও চিকিৎসাসংক্রান্ত প্রক্রিয়া চলছে। অন্যদিকে, অভিযুক্ত পুলিশ সদস্য মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করায় তারও পরীক্ষা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তের বিরুদ্ধে ওঠা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগের সত্যতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।