☰
✕

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত

২০ নভেম্বর, ২০২৬

এর মধ্যে রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দেশটির ভূখণ্ডে আঘাত হেনেছে বলে জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।

শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।

পোলিশ কর্তৃপক্ষের ভাষ্য, আকাশসীমায় প্রবেশ করা তিনটি বস্তুর মধ্যে একটি ছিল রাশিয়ার কেএইচ-১০১ মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্র। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নোভি লিপোভিয়েৎস এলাকায় এটি আঘাত হানে। এলাকাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ঘটনাটিকে রাশিয়ার উসকানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে দেশের আকাশসীমা সুরক্ষায় ন্যাটোর কাছ থেকে আরও সহায়তা চাওয়ার কথা জানিয়েছেন তিনি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি স্থাপনা বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্যও জানায়নি কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা নাটালি স্পোনার জানান, ঘটনার সময় তিনি সন্তানদের স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত করছিলেন। তখন হঠাৎ শিসের মতো শব্দ শোনার পর ভারী কিছু মাটিতে পড়ার আওয়াজ পান। একটি খামারে থাকা নিরাপত্তা ক্যামেরায় ক্ষেপণাস্ত্র আঘাতের দৃশ্যও ধারণ হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে আরও দুটি ঘটনার খবর পাওয়া গেছে। নোভি লিপোভিয়েৎসের পশ্চিমে রুডনিক নাদ সানেম এলাকায় একটি সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। অন্যদিকে, দক্ষিণের মোলোদিচ এলাকার কাছে বিধ্বস্ত হয় একটি জেটচালিত ড্রোন।

সূত্র: বিবিসি