☰
✕

ধর্মের মূল শিক্ষা শান্তি ও মানবিক সমাজ প্রতিষ্ঠা: ভূমি প্রতিমন্ত্রী

২১ নভেম্বর, ২০২৬

রাঙ্গামাটির রাজবন বিহারের ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

পৃথিবীর সব ধর্মের মূল শিক্ষা শান্তি ও মানবিক সমাজ প্রতিষ্ঠা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, ধর্মীয় সম্প্রীতি, সাম্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) রাঙ্গামাটির ঐতিহাসিক রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৌদ্ধ ধর্মসহ পৃথিবীর সব ধর্মের মূল উপজীব্য বিষয় হলো শান্তি ও মানবিক সমাজ প্রতিষ্ঠা। সব ধর্মের অনুসারীদের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুষম উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন। পাহাড় ও সমতলের মানুষের জীবনমান উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখা সরকারের অন্যতম অঙ্গীকার।

রাজবন বিহারে নির্মাণাধীন ‘বিশ্বশান্তি প্যাগোডা’র নির্মাণকাজে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ভূমি প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চাকমা। এ ছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।