২১ নভেম্বর, ২০২৬
ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথেই শেষ হচ্ছে জাতীয় দলের পেসার হাসান মাহমুদের। চোট থেকে পুরোপুরি সেরে ওঠা ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ও আসন্ন সাদা বলের সিরিজে দলের সঙ্গে থাকছেন না এই ডানহাতি পেসার।
শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সুস্থ হওয়া এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাসানকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। সামনে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় তাঁকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার বিষয়টিও বিবেচনায় নিয়েছে বোর্ড।
বিসিবি আশা করছে, এই সময়ে পুনর্বাসনে মনোযোগ দিতে পারলে হাসান দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এরপর পুরোপুরি ফিট হয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
এর আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে হাসান মাহমুদকে শারীরিক অস্বস্তিতে ভুগতে দেখা যায়। শুরুতে তাঁর কপালে বল লাগলেও তাতে বড় কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তী সময়ে তাঁর পুরোনো চোট টেনিস এলবোতে ব্যথা শুরু হয়।
চোটের অস্বস্তি নিয়েও প্রথম ইনিংসে বল হাতে ভালো পারফরম্যান্স করেন হাসান। ৩০.৪ ওভার বোলিং করে ১১৮ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। তবে কনুইয়ের চোটের কারণে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর আর চালিয়ে যেতে পারছেন না তিনি।