২১ নভেম্বর, ২০২৬
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় বেহাল অবস্থায় পড়ে থাকা পাঁচটি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে।
প্রায় ১০ কোটি ৮১ লাখ টাকা কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যরে পিচঢালা এই সড়কগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
শুক্রবার দুপুর ১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এ সময় জেলায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কাজী মাহামুদুল্লাহ, নলছিটি উপজেলায় এলজিইডির প্রকৌশলী নুরুজামান মামুন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঁচটি সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাতে করা হয়।
এলজিইডি সূত্রে জানা যায়, নলছিটি উপজেলায় ৩৫২ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এগুলো মধ্যে গুরুত্ব বিবেচনায় পিচঢালা সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক পিচঢালা করার জন্য ১০ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সড়কগুলো হচ্ছে ভোজপুর থেকে বাইতারা খেয়াঘাট সড়ক, ইছাপাশা বালিকা বিদ্যালয় থেকে কামদেবপুর মাদরাসা সড়ক, সাধুরহাট থেকে গুচ্ছগ্রাম হয়ে কামদেবপুর সড়ক, বিশ্বাসবাড়ি থেকে ফকিরবাড়ি সড়ক এবং ফকিরবাড়ি থেকে ডাক্তার বাড়ি পর্যন্ত মোট সাড়ে ছয় কিলোমিটার সড়ক।