☰
✕

কোথাও কেউ নাশকতার চেষ্টা করলেই পুলিশে ধরিয়ে দিন : পরিবেশমন্ত্রী

২১ নভেম্বর, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ দলের কেউ যদি কোথাও নাশকতার চেষ্টা করে তাহলে তাদের পুলিশে ধরিয়ে দিন৷

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আজ দাগনভূঞা উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

এ সময় পরিবেশমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বিএনপি নেতা-কর্মীদের অনুরোধ করেন কেউ যেন আইন হাতে তুলে না নেয় ।

তিনি বলেন, 'আমরা সবাই শান্তির পক্ষে। কেউ আইন ভঙ্গ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।'

দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেনের সভাপতিত্বে মিছিল-পরবর্তী সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে মিছিলটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল গেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মাসুদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।