☰
✕

কাঁঠালবাগানে আগুনে দগ্ধ ৫: মায়ের মৃত্যুর পর ছোট্ট মাহাবও নেই

২১ নভেম্বর, ২০২৬

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে এবার মারা গেছে দেড় বছর বয়সী শিশু আর. এস. রহমান (মাহাব)।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে আগুনে দগ্ধ হয়ে মারা যান তার মা সাবা (২৭)।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে একই ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবা। চিকিৎসক জানান, আগুনে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

তারও আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি সাততলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এতে এক শিশুসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ অন্যরা হলেন আবদুর রহমান (৩০), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে শিশু মাহাবের শরীরের ৫৭ শতাংশ, সাবার ১০০ শতাংশ, আবদুর রহমানের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে যায়। আবদুর রহমান, সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।