☰
✕

জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে আ.লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ ছাত্রদলের

২১ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করে রাজনৈতিক পুনর্বাসনের বয়ান তৈরির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষকসহ কতিপয় শিক্ষকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।

শনিবার (২১ নভেম্বর) জাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। অভিযুক্ত তিন শিক্ষক হলেন- নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, দীর্ঘ দুঃশাসনের পর ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে।

এমন প্রেক্ষাপটে ওই তিন শিক্ষকসহ কয়েকজনের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল ও তাদের পক্ষে মত উৎপাদনের দুরভিসন্ধি দেখা যাচ্ছে।

সংগঠনটির ভাষ্যমতে, বর্তমানে দলটির কার্যক্রম আইনত নিষিদ্ধ থাকলেও নেতাকর্মীরা মানুষের জান-মাল ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা চালাচ্ছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার ও অতীতের অপরাধের দায় স্বীকার না করে ওই শিক্ষকরা চতুরতার সঙ্গে সুস্পষ্ট অবস্থান এড়িয়ে যাচ্ছেন এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে ইতিহাস বিকৃত করছেন বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

জাবি ছাত্রদল স্পষ্ট করেছে যে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আড়াল করে কোনো দায়মুক্তির বয়ান তারা গ্রহণ করবে না এবং এই বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের পুনর্বাসনকেন্দ্র হতে দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টা শিক্ষার্থীরা রুখে দেবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।