☰
✕

বেন্দারচরে হিন্দু বাড়িতে হামলার খবর মিথ্যা ও বানোয়াট: পুলিশ

২১ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রামটিতে কোনো হিন্দু বসতি নেই। সেখানে কোনো হিন্দু পরিবারের সদস্য কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি। পুরোনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছেন।

শনিবার (২১ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর ছড়ানো হচ্ছে। তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই বলে দাবি পুলিশের। তাদের ভাষ্য, পূর্বে ধারণ করা ভিডিও এবং এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে দেশে-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন। পুলিশ এ হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে।

ঘটনার পর অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই বেন্দারচর গ্রামের বাসিন্দা এবং বুলু বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটে নিহতদের ক্ষুব্ধ আত্মীয়-স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হয়েছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছিল পুলিশ।

অন্যদিকে, বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহত হওয়ার ঘটনার পর নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ প্রায় ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।