☰
✕

রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

২১ নভেম্বর, ২০২৬

 

রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. রুমন প্রধানকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। শুক্রবার বিকেলে পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের ভগবানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমন প্রধান পীরগঞ্জ থানার মিঠিপুর গ্রামের মো. লাল মিয়ার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।

র‌্যাব জানায়, ভুক্তভোগী নারী স্থানীয় একটি চুল কারখানায় কাজ করতেন। সেখানে আসা-যাওয়ার সুবাদে রুমনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ২৩ অক্টোবর রাতে রুমন ওই নারীকে তার নানা মো. ধলু মিয়ার পীরগঞ্জ উপজেলার রায়তী সাদুল্যাপুর গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৬ অক্টোবর পর্যন্ত তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

পরে রুমন বিয়ে করতে অস্বীকৃতি জানালে ৩০ অক্টোবর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রুমন প্রধানকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।