২১ নভেম্বর, ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল দৃষ্টিনন্দন ভবনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানসম্মত শিক্ষাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশকে নেতৃত্ব দেবেন। তাদের মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক, সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (২১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন এবং কলেজের প্রথম প্রকাশনা ‘অঙ্গণা’র মোড়ক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন।
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শিক্ষিত নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারেন। মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচিতি, নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি। নবনির্মিত এই প্রধান ফটকের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচিতি ও নিরাপত্তা উভয়ই নিশ্চিত হবে, যা অভিভাবকদের নিশ্চিন্তে সন্তানদের কলেজে পাঠাতে উৎসাহিত করবে।
কলেজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কলেজে ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এরই মধ্যে ৬টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। এছাড়া অনার্স পর্যায়ে আইসিটি ও ফিন্যান্সসহ আরও কয়েকটি নতুন বিষয় চালুর প্রস্তাব শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে, যা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন ও খন্দকার মারজিয়া শবনমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশির, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
এছাড়াও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, এবিএম মমিনুল হক, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।