২৬ অক্টোবর, ২০২৪
কক্সবাজারের কুতুবদিয়ায় দিনদুপুরে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে যৌথবাহিনি।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল হাদি সিকদার পাড়ার শান্তি বাজার এলাকায় মুনতাছির ম্যানশনে জুমার নামাজের সময়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী নুরুল আবছারের স্ত্রী রুনা আক্তার (৩৩) ও তার ছোট্ট মেয়ে ওয়াসিমা নুরে জারিয়া আক্তার (৭)। রুনা আক্তার একই এলাকার ২নং ওয়ার্ডের নাছিয়ার পাড়ার জাবের আহমেদের মেয়ে।
জানা যায়, ব্যবসায়ী নুরুল আবছার মসজিদে জুমা নামাজ পড়ে ঘরে এসে স্ত্রী ও তার ছোট্ট মেয়ের গলা কাটা লাশ দেখে অজ্ঞান হয়ে পড়েন। পরে, তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
এদিকে, খবর পেয়ে লেফটেন্যান্ট হামিদ হোসেন আদনান ও কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেনের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
নিহত রুনা আক্তারের ভাই হাফেজ সিরাজুল ইসলাম ও আমান উল্লাহ বলেন, জুমার নামাজ শেষে তাদের ফোনের মাধ্যমে প্রথমে ভগ্নিপতি নুরুল আবছারকে ছুরির আঘাত করার কথা জানি। কয়েক মিনিট পরে আবার জানতে পারি ছোট বোন রুনা আক্তার ও ভাগ্নি ওয়াসিমা নুরে জারিয়া আক্তারকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে নিহত করেছে। পরে তাৎক্ষণিক আমরা ছুটে আসি। তবে, তাদের ভগ্নিপতির পরিবারের সাথে কারও কোনো শত্রুতা নেই বলেও জানান তারা।
আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, জুমার নামাজের পর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। তবে, ঘটনার কারণ উদঘাটন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কক্সবাজার জেলা থেকে সিআইডির একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে আসার পথে রয়েছে বলে জানা যায়।