২১ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় চুক্তির প্রচলিত কাঠামোতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার ফরম্যাটভিত্তিক পাঁচটি আলাদা ট্র্যাকে ক্রিকেটারদের জন্য নতুন চুক্তি কাঠামো চালু করেছে সংস্থাটি। নতুন এই তালিকায় জায়গা পেয়েছেন মোট ৩৮ জন ক্রিকেটার।
এক বিবৃতিতে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকা কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। এতদিন ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চার ক্যাটাগরিতে ক্রিকেটারদের চুক্তি দেওয়া হতো। নতুন নিয়মে সেই গ্রেডিং ব্যবস্থা বাতিল করে ফরম্যাট অনুযায়ী পাঁচটি ট্র্যাক চালু করা হয়েছে।
জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, নতুন কাঠামোর সর্বোচ্চ স্তর ‘ট্র্যাক-এ বি’তে জায়গা পেয়েছেন কেবল বাবর আজম ও সালমান আলী আগা। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে রয়েছেন এই দুই ক্রিকেটার।
অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ‘ট্র্যাক-বি সি’তে আছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।
শুধু টেস্ট ফরম্যাটের চুক্তিতে ‘ট্র্যাক-এ’তে জায়গা পেয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।
এদিকে শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ‘ট্র্যাক-সি’তে রাখা হয়েছে হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারেককে।
মূল কেন্দ্রীয় চুক্তির বাইরে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ১৯ জন উদীয়মান ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন সুফিয়ান মুকিম, আলী রাজা, সাদ বেগ, সামির মিনহাস, শাহজাইব খান, শামিল হুসেনসহ আরও কয়েকজন।