☰
✕

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

২১ নভেম্বর, ২০২৬

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর সকাল ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ জনে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০ জন। এ সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৫৭ জন, চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, ময়মনসিংহে ৫৬, খুলনায় ৬০, রংপুরে ১৮ এবং রাজশাহী বিভাগে ১১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।