২৬ অক্টোবর, ২০২৪
কুমিল্লায় ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করছেন শিক্ষার্থীরা। তাদের ন্যায্যমূল্যের দোকানে ব্যাপক সাড়া মিলেছে। ন্যায্যমূল্য শাক-সবজি কিনতে পেরে খুশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার সকাল ১০টা থেকে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে শিক্ষার্থীরা এই কার্যক্রম শুরু করেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ত থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে। বাজারে যে সিন্ডিকেট আছে, তা ভাঙতেই এই কার্যক্রম। সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাজার মনিটরিং টিমের সহায়তা চেয়েছেন তারা।
তারা জানান, আরো ১০ দিন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুমিল্লার পূবালী চত্বরে এ কার্যক্রম চলমান থাকবে।
ক্রেতারা জানান, শিক্ষার্থীরা যে দামে বিক্রি করছেন, তা বাজার থেকে কেজিতে অন্তত ৫ থেকে ১০ টাকা কম মূল্যে পাওয়া যাচ্ছে। মানুষ স্বল্পমূল্যে যেখানে পাবে, সেখান থেকেই বাজার করবে। শিক্ষার্থীরা যে বাজার বসিয়েছে, তা সাধারণ মানুষের খুব উপকারে আসবে। প্রশাসনের উচিত আরও ভালোভাবে বাজার মনিটরিং করা।