২১ নভেম্বর, ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণা ও উদ্ভাবনকে শিল্পখাতে কাজে লাগানো এবং গবেষণালব্ধ প্রযুক্তির বাণিজ্যিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দেশের ১০টি স্বনামধন্য শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়টি।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদার’ শীর্ষক এ কর্মশালা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, কৃষি গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিপণ্য রপ্তানি এবং কৃষিপ্রযুক্তির বিকাশে কাজ করছে বর্তমান সরকার। বিশ্ববিদ্যালয়গুলোতে পরিচালিত গবেষণার ফলাফল যেন মাঠপর্যায়ে কৃষকের কাজে লাগে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, মঙ্গাপীড়িত এলাকার উন্নয়নে কৃষিবিদ ও কৃষির উদ্ভাবন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে শিল্পকারখানার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গবেষণার ফলাফল শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবহার উপযোগী করে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। কৃষির অধিকতর উন্নয়নে শিগগিরই কৃষিশিক্ষায় সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার কর্মশালাটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি গবেষণা ও উদ্ভাবনকে শিল্পখাতের চাহিদার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও এতে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে প্রধান অতিথি কৃষি অনুষদের করিডোরে আয়োজিত বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনবিষয়ক স্টল পরিদর্শন করেন। এ সময় স্টলে প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে তাকে অবহিত করেন কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান।
কর্মশালার দ্বিতীয় পর্বে ‘গবেষণালব্ধ শিল্পোন্নয়ন: কৃষি গ্র্যাজুয়েটদের ভূমিকা ও সম্ভাবনা’ শীর্ষক শিক্ষার্থী মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গবেষণা ও উদ্ভাবনকে শিল্পোন্নয়নে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, আন্তর্জাতিক ডেস্কের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, এ কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরি হবে। পাশাপাশি কৃষিপ্রযুক্তির বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে, যা দেশের কৃষি ও শিল্পখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।