হিলিতে মাদকসহ ছাত্রলীগ নেতা আটক

২৬ অক্টোবর, ২০২৪

দিনাজপুরের হিলিতে মাদকসহ ছাত্রলীগ পৌর শাখার সহসাংগঠনিক সম্পাদক জুবায়েদ সরকারকে (২৭) আটক করেছে পুলিশ।শনিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জুবায়েদ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকার বাবু সরকারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা।

তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন ও সহিংসতার ঘটনায় পৌর শাখার ছাত্রলীগ নেতা জুবায়েদের নামে গত ১৯ আগস্ট হাকিমপুর থানায় মামলা হয়। যার নং-৭। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আসামি তার নিজ বাড়িতে অবস্থান করছে। সেখানে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম ও এস আই আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আসামিকে আটকের পর তার নিকট থেকে ১০০ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

পরে তার নামে মাদকের মামলা দায়ের পূর্বক সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।