☰
✕

‘মাদার অলরেডি হ্যাজ আ সেকেন্ড চাইল্ড’, জন্মনিবন্ধন করতে গিয়ে হতবাক মা!

২২ নভেম্বর, ২০২৬

নিজের দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন করাতে গিয়ে জানতে পারলেন, তাঁর নামে আগেই দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন হয়ে গেছে। জন্ম নিবন্ধন করতে গেলে ইংরেজিতে দেখাচ্ছে ‘মাদার অলরেডি হ্যাজ আ সেকেন্ড চাইল্ড।

’

অথচ ওই সন্তানের নাম কী, সে ছেলে না মেয়ে, এমনকি কে বা কারা জন্মনিবন্ধন করিয়েছে—কিছুই জানেন না তিনি। এখন নিজের সন্তানকে নিবন্ধন করাতে হলে দেখাতে হবে তৃতীয় সন্তান হিসেবে। এমন অদ্ভুত বিড়ম্বনায় পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাবিনা ইয়াছমিন (৩৪)।

সাবিনা ইয়াছমিনের অভিযোগ, সম্প্রতি আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদে নিজের প্রায় তিন বছর বয়সী মেয়ে মেহেরুন ইসলাম সানার জন্মনিবন্ধন করাতে যান তিনি।

সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর নামে ইতিমধ্যে দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে। অথচ তিনি দ্বিতীয় সন্তানের কোনো জন্মনিবন্ধন করাননি। অজ্ঞাত ওই সন্তানের পরিচয় সম্পর্কেও তাঁর কোনো ধারণা নেই।

সাবিনা জানান, তার স্বামী মোহাম্মদ হাদিউল ইসলাম ভূঁইয়া।

তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী, তার নামে আগে থেকেই দ্বিতীয় সন্তানের নিবন্ধন হয়ে আছে। ফলে নিজের সন্তানের জন্মনিবন্ধন করতে হলে তাকে তৃতীয় সন্তান হিসেবে দেখাতে হবে বলে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় বিব্রত ও উদ্বিগ্ন সাবিনা। তার প্রশ্ন, তার অজান্তে কে বা কারা তার নাম ব্যবহার করে দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন করাল, আর সেই সন্তানের পরিচয়ই বা কী? তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এ ধরনের নিবন্ধন কীভাবে হলো, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

গত ৫ নভেম্বর আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কাছে দেওয়া লিখিত অভিযোগে সাবিনা বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তার দাবি, অজ্ঞাত ওই সন্তানের জন্মনিবন্ধনের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং তার সন্তানের সঠিক জন্মক্রম অনুযায়ী নিবন্ধনের ব্যবস্থা করা হোক।

সাবিনার স্বামী হাদিউল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমি সরকারি চাকরি করি। বিভিন্ন কাজে আমাকে পরিবার সম্পর্কে তথ্য দিতে হয় এবং আরো দিতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় সন্তানকে তৃতীয় সন্তান হিসেবে দেখালে মিথ্যা তথ্য হবে এবং ভুয়া নিবন্ধনের দ্বিতীয় সন্তানটিও আমার বলে মেনে নিতে হবে। এটা তো কোনোভাবে করা যাবে না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আমি কথা বলেছি। তারা কোনো সুরাহা দিতে পারেননি। দ্বিতীয় সন্তানকে তৃতীয় হিসেবে নিবন্ধন করে পরবর্তীতে দ্বিতীয়টা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কিন্তু এটা তো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এ বিষয়ে ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরেও কথা বলেছি। তারা বলছেন স্থানীয় পর্যায় থেকে চিঠি আসতে হবে। স্থানীয় পর্যায় থেকে বলা হয় ওনাদের কিছু করার নেই। আমি বিষয়টি নিয়ে প্রয়োজনে আদালতে লড়ব।’

আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ প্রশাসক কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘আবেদনকারীকে আগে দ্বিতীয় সন্তানের নিবন্ধন বাতিল করতে হবে। এটার জন্য ঢাকা থেকে প্রত্যয়ন আনতে হবে। জরুরি হলে তৃতীয় সন্তান দিয়ে করাতে পারে। এরপর দ্বিতীয়টা বাতিলের আবেদন করতে পারেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিতীয় সন্তান কি নামে হয়েছে বা কিভাবে নিবন্ধন হয়েছে সেটা বলতে পারছি না। এগুলো দেখার অনুমতিও আমাদের হাতে নেই।’