☰
✕

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

২২ নভেম্বর, ২০২৬

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। অনুষ্ঠানে ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে অবস্থানরত প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। তিনি সম্মানিত অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানও তুলে ধরেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ়করণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর গৃহীত উদ্যোগের কথা স্মরণ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে গৃহীত সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন।

বিশেষ বক্তব্যে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। 

কেক কাটার মধ্য দিয়ে উদযাপনের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।