☰
✕

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন

২২ নভেম্বর, ২০২৬

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে আগুন ধরেছে। জাহাজটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট। হামলায় ইউক্রেন জড়িত বলে সন্দেহ করছে ফিনল্যান্ড। ক্ষতিগ্রস্ত জাহাজটি পরে ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।

স্পার্টা-২ নামে জাহাজটির ১৬ নাবিক প্রথমে লাইফবোটে আশ্রয় নেন। পরে তাদের কাছের একটি রুশ জাহাজে নেওয়া হয়। তারা এখন রাশিয়ায় ফিরছেন।

শনিবার রাতে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইলেকে এ তথ্য জানান দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলিয়া ইলিন।

চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেনিনগ্রাদ অঞ্চলে একাধিক সামরিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসব ড্রোনের কয়েকটি পথ হারিয়ে বাল্টিক অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করে। এতে যুদ্ধের প্রভাব ন্যাটোর ভূখণ্ডেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, হামলার পেছনে সম্ভবত ইউক্রেন রয়েছে। তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জাহাজটি রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের দিকে যাচ্ছিল। রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে রুশ কর্মকর্তারাও একই তথ্য জানিয়েছিলেন।

শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, জাহাজটি তাদের জলসীমায় নোঙর করায় উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে তারা। তবে শেষ পর্যন্ত রুশ জাহাজগুলো জাহাজটির ধ্বংসাবশেষ টেনে রাশিয়ায় নিয়ে যেতে পারে।

ফিনল্যান্ড উপসাগরের কোস্টগার্ডের কমান্ডার মিক্কো সিমোলা বলেন, উদ্ধার অভিযানের সময় রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র: রয়টার্স।