২৬ অক্টোবর, ২০২৪
বাগেরহাটের মোরেলগঞ্জে চালের কীটনাশক ট্যাবলেট খেয়ে মেহেদী হাসান শেখ (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (২৬ অক্টোবর শনিবার) ভোর রাত ৫টার দিকে হরিণধারা গ্রামে।
মৃত মেহেদী হাসান শেখ (১৬) উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের হরিণধারা গ্রামের মৃত মো. দুলাল শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মেহেদী হাসান শেখ দোকান থেকে কাজ শেষে রাত ৯টার দিকে নিজ বাড়িতে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে মেহেদী ঘুম থেকে জেগে গভীর রাতের কোনো এক সময়ে ঘরে থাকা চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে শনিবার ভোর রাত ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতালের চিকিৎসক আহাদ নাজমুল হাসান ওই যুবককে মৃত ঘোষণা করেন।
মেহেদী হাসান কি কারণে এ কীটনাশক পান করেছিলেন সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পরিবার। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, মেহেদীর মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।