বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, বিচার চান স্বজনরা

২৬ অক্টোবর, ২০২৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে বাবার সামনে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

শনিবার দুপুরে উপজেলার সাপলেজা বাবুরহাট সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।

স্থানীয় সমাজসেবক মোস্তফা মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. ইসমাইল হোসেন, মো. হালিম, মজনু মিয়া, আব্দুস সালাম খান, বেলায়েত হোসেন, আক্কাস আলী, তাজেনুর বেগম, নিহত জয়নালের বাবা সোহরাফ মৃধা, মা ফিরোজা বেগম ও স্ত্রী আনিসা বেগম প্রমুখ।

বক্তারা অবিলম্বে জয়নাল হত্যার ঘটনায় এজাহারভুক্ত সব আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

নিহতের স্ত্রী আনিসা বেগম জানান, গত ৫ অক্টোবর সুন্দরবনের শরণখোলা কস্তুরা খালে সকালে বাবার সঙ্গে জয়নাল মাছ ধরছিলেন। এ সময় প্রতিপক্ষ সোহরাব মাতুব্বরের ছেলে আল আমীন ও জাহাঙ্গীরের নেতৃত্বে ২০ জনের একটি দল ৪টি ট্রলারযোগে এসে তাদের ট্রালার ঘেরাও করে হামলা চালান।

একপর্যায়ে জয়নালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেন। পরে জয়নালের বাবা সোহরাব মৃধা ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে ছেলেকে আর খুঁজে পাননি। এর একদিন পর গত ৬ অক্টোবর সন্ধ্যায় ওই নদী থেকে নিহত জয়নালের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত জয়নালের বাবা সোহরাফ মৃধা বাদী হয়ে ৯ অক্টোবর বাগেরহাট জেলার শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।