☰
✕

এমবাপের পেনাল্টি মিস, আবারও রিয়ালকে জেতালেন এসপি

২২ নভেম্বর, ২০২৬

সেল্টা ভিগোর বিপক্ষে গতকাল লা লিগায় পিছিয়ে পড়েও জিতল রিয়াল মাদ্রিদ। ২-১ গোলের জয়ে লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনাকে চাপে রাখল তারা।

৬ মিনিটের মধ্যে পাবলো দুরানের গোলে লিড নিয়ে হোসে মরিনিওর দলকে চমকে দেয় সেল্টা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করে মাদ্রিদ ক্লাব। কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জুড বেলিংহ্যামের গোলে সমতা আনে স্বাগতিকরা। তারপর বদলি নেমে কার্লোস এসপি করেন জয়সূচক গোল।

চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা ভিনিসিয়ুস জুনিয়রকে এদিন বেঞ্চে বসান মরিনিও। বেঞ্চে আরও ছিলেন ডেনজেল ডামফ্রিস, ফেদেরিকো ভালভার্দে ও মার্ক কুকুরেলাকেও বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছিল। শুরুর একাদশে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডকে বিরল সুযোগ দেওয়া হয়। কিন্তু ইংল্যান্ড ডিফেন্ডারের জন্য রাতটা সুখকর ছিল না। এক ঘণ্টা হওয়ার আগেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

মর্মান্তিকভাবে মারা যাওয়া তেনেরিফে খেলোয়াড় জেসুস দে মিগেলের বাবা, বিধবা স্ত্রী ও বোন ম্যাচের কিকঅফের আগে মাঠে প্রবেশ করলে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। কিছুক্ষণ করতালি ও নীরবতার পর তিনজনকে স্মারক জার্সি দেওয়া হয় এবং মাদ্রিদ খেলোয়াড়রা তার নামের জার্সি পরেছিলেন। শনিবার মাদ্রিদের বোর্ডে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সাবেক টেনিস চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল গ্যালারিতে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি। 

গত মৌসুমে বার্নাব্যুতে ৮ জন নিয়ে খেলা শেষ করা রিয়ালের বিপক্ষে সেল্টা ২-০ গোলে জিতেছিল। নতুন মৌসুমে দুরান শুরুতে লিড এনে দিলে আবার সেই হারের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল স্থানীয় ভক্ত-সমর্থকদের মনে। মাদ্রিদের রক্ষণভাগ অরক্ষিত হয়ে পড়লে সুযোগ তৈরি করেছিল সেল্টা। উগো আলভারেজের শট সরাসরি থিবো কোর্তোয়ার কাছে যায়। বাঁ দিক থেকে আতঙ্ক ছড়ান উইলিয়ট সুইডবার্গ।

এমবাপে ও আর্দা গুলার শট খুঁজে পেতে হিমশিম খান। সুইডবার্গ আরও দুটি ভালো সুযোগ তৈরি করেন। প্রথম শট সাইড নেটে আটকায় এবং পরে কোর্তোয়া দারুণ সেভে তাকে থামান। ৩৯তম মিনিটে মাদ্রিদ সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল। জাভি রদ্রিগেজ এমবাপের জার্সি ও হাত ধরে টান দেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ফরাসি তারকার গায়ে সামান্য স্পর্শ লেগেছিল। তিনি ক্রসবারের ওপর দিয়ে বল মারলে সেল্টা মনে করেছিল, ন্যায়বিচার পেয়েছে তারা। নাদাল এমবাপের পেনাল্টি মিসে মাথায় হাত দেন।

৫৭ মিনিটে মরিনিও মাঠে নামান ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান তারকা নামেন বার্নার্ডো সিলভার বদলি হিসেবে। দ্রুত তিনি সমতাসূচক গোলে অবদান রাখেন। কোর্তোয়া দুরানের একটি শট শক্ত হাতে রুখে দেন, তারপর ভিনিসিয়ুস বাঁ দিক দিয়ে দৌড়ে এমবাপের দিকে বল বাড়ান। বেলিংহ্যাম বল পায়ে নিয়ে বক্সের প্রান্ত থেকে নিচু শটে জাল খুঁজে পান।

সময় দৌড়াচ্ছিল। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে দুই বদলি খেলোয়াড়ের সমন্বয়ে জয়সূচক গোল করে রিয়াল। বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের ক্রস। ছয় মিনিট আগে মাঠে নামা এসপি লক্ষ্যে হেড করেন। সেল্টা কিপার ইয়োনাত রাদু সেই প্রচেষ্টা ফিরিয়ে দেন, কিন্তু ফিরতি শটে জাল কাঁপান এসপি। ২১ বছর বয়সী ফুটবলার এর আগে বদলি নেমে এস্পানিওল ও এলচের বিপক্ষে শেষ দিকে গোল করে রিয়ালকে জয় এনে দেন।

এই জয়ে রিয়াল পয়েন্টের হিসাবে বার্সাকে ছুঁল। ব্যবধান বাড়াতে আজ (রোববার) ভিয়ালিয়ালের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। ১৩ ম্যাচ শেষে মাদ্রিদ ক্লাবের পয়েন্ট ৩৩।