২২ নভেম্বর, ২০২৬
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র শহরের একটি ভিডিও প্রকাশ করেছে। কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র, ডাবল লঞ্চারসহ আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের প্রতিরোধ সক্ষমতার কড়া বার্তা দিয়েছে তেহরান।
প্রকাশিত ভিডিওটিতে প্রথমবারের মতো আইআরজিসির কমান্ডার আহমাদ ওয়াহিদিকে অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভির সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গে পরিদর্শনরত অবস্থায় দেখা গেছে।
ভিডিওটিতে দেখা গেছে দীর্ঘ সুড়ঙ্গ জুড়ে সাজানো শত শত ক্ষেপণাস্ত্র ও আধুনিক ডাবল লঞ্চার। এর মাধ্যমে বহির্বিশ্বকে আইআরজিসি এই স্পষ্ট বার্তা দিচ্ছে যে তাদের গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই এবং যুদ্ধ পুনরায় তীব্র হলে তারা এই পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি রণতরি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে অবস্থান করছে। এমন এক সময়ে নতুন করে মার্কিন হামলার জোরালো আশঙ্কার মুখে ইরান এই শক্তি প্রদর্শন করল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান পাল্টাহামলা চালায়। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আঘাত হানে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়, যার ফলে বিশ্ববাজারে এখনো তেলের দামে অস্থিরতা চলছে।
যুদ্ধ শুরুর প্রায় ৯ মাস গড়ালেও সংঘাত বন্ধের সুনির্দিষ্ট কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে পাকিস্তান, কাতার ও তুরস্ক স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।