☰
✕

প্রতিষ্ঠার ৪৭ বছরেও এনালগ ইসলামী বিশ্ববিদ্যালয়

২২ নভেম্বর, ২০২৬

স্বাধীনতাত্তোর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বিশ্ববিদ্যালয়টি। তবে প্রতিষ্ঠার ৪৭ বছরের দীর্ঘ এ পথচলায় উচ্চশিক্ষা ও গবেষণার পরিসর বাড়লেও একাডেমিক ও প্রশাসনিক সেবাখাতে এখনো ‘মান্ধাতার আমলের’ ম্যানুয়াল পদ্ধতিতে আটকে আছে বিশ্ববিদ্যালয়টি। অনলাইন সেবার অভাবে ফি জমা দেওয়া, সনদ ও ট্রান্সক্রিপ্ট তোলা কিংবা হলের আসনের আবেদনের মতো দৈনন্দিন কাজে শিক্ষার্থীদের পদে পদে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে। এসব স্থবিরতা একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বাধা তৈরি করছে, তেমনি কর্মকর্তা-কর্মচারীদের অদক্ষতা ও প্রশাসনিক গাফিলতির সরাসরি ‘বলির পাঠা’ হচ্ছেন শিক্ষার্থীরা।

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও একাডেমিক কাজের বড় অংশ ডিজিটাল হলেও ইবিতে এখনো সশরীরে ব্যাংক ও দপ্তরে দৌঁড়াতে হয়। ভর্তি ও নোটিশ প্রকাশের বাইরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) শিক্ষার্থীদের জন্য নিজস্ব প্রোফাইল বা কার্যকর কোনো পোর্টাল নেই। ওয়েবসাইটের নকশা পুরোনো, তথ্যও নিয়মিত হালনাগাদ করা হয় না। ৪৪ জন শিক্ষকের প্রোফাইলে ছবি না থাকা, পুরোনো ও অসম্পূর্ণ জীবনবৃত্তান্ত, এমনকি বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া ও প্রয়াত শিক্ষকদের নাম তালিকায় থাকার মতো অসংগতিও রয়েছে। কয়েকজন শিক্ষকের প্রোফাইলে প্রাতিষ্ঠানিক ছবির বদলে পারিবারিক ও ভ্রমণের ছবি দেখা গেছে।

সবচেয়ে বড় ভোগান্তি তৈরি হচ্ছে ফি পরিশোধে। ভর্তি, সেমিস্টার, পরীক্ষা ও হল ফি জমা দিতে শিক্ষার্থীদের এখনো ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। নির্ধারিত ব্যাংকিং সময় পেরিয়ে গেলে অপেক্ষা করতে হয় পরের কার্যদিবস পর্যন্ত। এই জটিলতা কাটাতে গত বছরের ৮ নভেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে প্রশাসন। চুক্তির এক বছর হতে চললেও দৃশ্যমান অগ্রগতি নেই। চলতি বছরের মাঝামাঝি প্রশাসনে পরিবর্তনের পর থেকে এ উদ্যোগে গতি না থাকায় ক্ষোভ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে।

২০১৬ সালের ৩০ অক্টোবর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল উদ্বোধন করেছিলেন। পরের বছর ২১ আগস্ট অনলাইনে ফল প্রকাশ ও সনদ-ট্রান্সক্রিপ্টের সুবিধার কথা বলে চালু করা হয় ‘অনলাইন রেজাল্ট প্রসেস অ্যান্ড পাবলিকেশন সিস্টেম’। কিন্তু এক দশকের কাছাকাছি সময়েও এসব উদ্যোগ পূর্ণাঙ্গ রূপ পায়নি।

পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সেমিস্টারের ফি এবং ২০২৫-২৬ বর্ষের প্রথম শ্রেণির ভর্তি ফি অনলাইনে নেওয়া হলেও বাকি সেবাগুলো চালু হয়নি। ইসলামী ব্যাংকের শেখপাড়া সাব-ব্রাঞ্চের ইনচার্জ সূত্রে জানা যায়, প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর তথ্য হালনাগাদসহ কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ না থাকায় সেবাটি চালু করা যাচ্ছে না।

অন্যদিকে একাডেমিক শাখায় তথ্য সংরক্ষণে গাফিলতির কারণে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরও অনেক শিক্ষার্থীর নামে বকেয়া দেখানোর অভিযোগ রয়েছে। রসিদ দেখাতে না পারলে পুনরায় ফি দিতে বাধ্য করার মতো ঘটনাও ঘটছে। সনদ ও ট্রান্সক্রিপ্ট সংগ্রহে ব্যাংকে টাকা জমা দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আনুষ্ঠানিকতা সারতে একাধিক ধাপ পার হতে হয়। হলের আসন বরাদ্দেও নেই সমন্বিত অনলাইন ব্যবস্থা। মাত্র দুটি সেশনের শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট আইডি কার্ড দেওয়া হলেও তা শুধু সাধারণ পরিচয়পত্রে সীমাবদ্ধ; মেডিকেল সেবা ও লাইব্রেরিতে আলাদা কার্ড লাগে। ইউজিসির হিট প্রকল্পের আওতায় ইন্টারনেট সংযোগ সংস্কার করা হলেও কাঙ্ক্ষিত গতি না পাওয়ার অভিযোগ রয়েছে।

আইসিটি সেলের পরিচালক ড. জাহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সেবাখাত পূর্ণাঙ্গ ডিজিটাল সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে।

উপাচার্য ড. একেএম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজেশনের আওতায় আনাসহ বেশ কিছু কাজ হাতে নেওয়া হয়েছে। তবে সবকিছু একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়। ওয়েবসাইট-সহ সবকিছু একটি সমন্বিত পোর্টালে আনার জন্য কমিটি গঠন করা হয়েছে।