২২ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ শাহিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ তাঁর স্ত্রী লিমা পারভীন (২৬) আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক হারুন উর রশিদ বিপুল জানান, শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তাঁর স্ত্রী লিমার ৪৫ শতাংশ পুড়ে যায়। দুজনেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান। তাঁর স্ত্রী লিমা বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ছাড়া হোসেনের শরীরের ১২ শতাংশ এবং শাহেদের ৩ শতাংশ পুড়ে গেছে। তাঁরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে, শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ড ঘটে। এতে শাহিন ও তাঁর স্ত্রী লিমা পারভীনসহ চারজন দগ্ধ হন। দগ্ধ অন্য দুজন হলেন হোসেন (২৮) ও শাহেদ (২৪)।