২২ নভেম্বর, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে ছয়জন মাদকসেবী, পাঁচজন বিভিন্ন মামলার আসামি এবং একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। পরে গ্রেফতারদের মধ্যে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ছয় মাদকসেবী হলেন, চেঙ্গাকান্দির মনু মিয়া (৩৮), গোপেরবাগ মধ্যপাড়ার ইমরান হোসেন ওরফে জিসান (২২), নয়াবাড়ীর মো. আকাশ (২৬), পূর্ব বেহাকৈরের সাদিকুর রহমান (৩৬), সোনাপুর কলাবাগানের মো. সুমন (২৬) এবং সোনাপুর লাভলী রোড এলাকার মো. রুবেল (৪৫)।
এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় হরিগঞ্জ গ্রামের আবু কালাম (৫৫) কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার চারজন হলেন, পঞ্চবটি গ্রামের সালাউদ্দিন সরকার (৫০), দামদরদী গ্রামের শাহাদাৎ হোসেন (৭২), মুক্তিসপুর গ্রামের মো. মামুন (৪০) এবং একই এলাকার দামদরদী গ্রামের শাহ জালাল (৫০)।
পুলিশের তথ্য অনুযায়ী, সালাউদ্দিন সরকার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা, শাহাদাৎ হোসেন ইউনিয়ন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং মামুন ও শাহ জালাল নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
অন্যদিকে সাজাপ্রাপ্ত মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল বিশ্বাসকেও গ্রেফতার করা হয়েছে। তিনি কাঁচপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো
হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।