☰
✕

পোশাক শ্রমিকদের জন্য যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড: মাহদী আমিন

২২ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে সরকার। আশা করি, আলাপ-আলোচনা ও সবকিছু বিবেচনার মাধ্যমে মজুরি বোর্ড যৌক্তিক, ন্যায্য ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে।

রবিবার (২২ নভেম্বর) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা কনফারেন্সে এসব কথা বলেন তিনি।  

মাহদী আমিন বলেন, ‘শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং নিরপেক্ষ প্রতিনিধিদের ওপর আস্থা রাখতে চায় সরকার। তারা যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণ করবেন, এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সরকারের লক্ষ্য শ্রমিকরা যেন ভালো থাকেন। শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হলে দেশের ভাগ্য পরিবর্তন হবে।’

তিনি বলেন, ‘কয়েক দিন ধরে কিছু কিছু জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। এর পেছনে রাজনৈতিক উসকানি এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। সরকার অত্যন্ত আন্তরিকতা ও সর্বোচ্চ সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে চাইছে। এ দেশ আমাদের সবার, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার।’