২২ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২০০ কোটি টাকার বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে দেশটির বিচার বিভাগ।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অন্তত ৩৬টি মালবাহী ট্রেনে লুটপাট চালায় চক্রটি।
চুরি করা পণ্যের মধ্যে ছিল হাজার হাজার জোড়া নাইকির জুতা, বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী। পরে, এসব পণ্য কালোবাজারে বিক্রি করা হতো।
অভিযোগপত্র অনুযায়ী, চক্রটির নেতা ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। তার বাবা ও দুই চাচাসহ অন্য সদস্যরা চলন্ত মালবাহী ট্রেনে উঠে পড়তেন। তাদের কেউ কেউ থাকতেন পাহারায়।
এসময় অন্য সদস্যরা ট্রেনের বাতাস চলাচলের পাইপ কেটে দিতেন। এতে বাতাসের চাপ কমে ট্রেনটি জরুরি ভিত্তিতে থেমে যেত। ট্রেন থামার পর চক্রের অন্য সদস্যরা সেখানে হাজির হতেন। তারা কনটেইনার থেকে পণ্য বের করে বিভিন্ন গাড়িতে তুলতেন। পরে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে এসব পণ্য লুকিয়ে রাখা হতো।
এভাবে ট্রেন লুট করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করতেন তারা। কারণ, চলন্ত ট্রেনের পাইপ কেটে দিলে ট্রেন লাইনচ্যুত হওয়ার আশঙ্কাও থাকত।
২০২৫ সালে চক্রটির তৎপরতা আরও বেড়ে যায়। ওই বছরের এপ্রিলে চুরি করা পণ্য গ্রহণের অভিযোগে এক সহযোগী গ্রেফতার হন। তবে, এতে চক্রটির কার্যক্রম থেমে থাকেনি।
এর মাত্র ১২ দিন পর, ২৯ এপ্রিল মিলওয়াকি টুলের একটি চালান থেকে ১ হাজার ১৭০টি যন্ত্রপাতি ও ১৭ হাজার যন্ত্রাংশ চুরি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপরও বিভিন্ন সময়ে চক্রটির বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। ২০২৫ সালের শেষ দিকে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ চুরি করা পণ্য কেনা একটি প্রতিষ্ঠানের ওপর পুলিশের নজর পড়ে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান বলেন, ১৪ মাসের তদন্তের পর এ অভিযোগপত্র দেওয়া হয়েছে। পণ্য যেন কালোবাজারে বিক্রি না হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিত করতে তারা কাজ করছেন বলে জানান তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান