২২ নভেম্বর, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)। এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. শফিকুল ইসলাম প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। পরে সৌরভের কোমরে কমলা কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষায় সেগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন। সেখান থেকে কৌশলে স্বর্ণ এনে অন্যদের সহযোগিতায় দেশে চোরাচালান করতেন বলে জানিয়েছে পুলিশ। বিমানবন্দরকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসিকিউশন বিভাগের এসআই মো. সাইফুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।