২২ নভেম্বর, ২০২৬
ইরানের সঙ্গে এমন একটি স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্টই তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দিতে না পারেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হলেও নতুন করে যুদ্ধ শুরু হবে না—এমন নিশ্চয়তা চায় ইরান।
শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, ইরান বারবার চুক্তি ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরদিনই তারা সেই চুক্তি থেকে সরে যায়। তাই এবার এমন একটি সমঝোতা চান, যা দীর্ঘস্থায়ী হবে।
ট্রাম্প আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন যেন নীতির পরিবর্তন করে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে না পারে, সেটি নিশ্চিত করতে চান তিনি।
ইরানে সরকার পরিবর্তনের বিষয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, এরই মধ্যে ইরানের নেতৃত্বের একাধিক গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হয়েছে। বর্তমান পরিস্থিতিকে তিনি চূড়ান্ত সরকার পরিবর্তনের অংশ হিসেবেও উল্লেখ করেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরানও। তবে নতুন করে যুদ্ধ শুরু হবে না, এমন নিশ্চয়তা চায় তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। আলোচনায় এগিয়ে যাওয়ার আগে ওয়াশিংটন যে সত্যিকার অর্থেই সমঝোতায় আগ্রহী, তার নিশ্চয়তা চায় ইরান।
আরাগচি বলেন, ইরানের অন্যতম প্রধান শর্ত হলো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখা। তবে এ বিষয়ে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন হয় কিংবা যুদ্ধের ময়দানে অর্জিত সাফল্য নষ্ট হয়—এমন কোনো চুক্তি মেনে নেবে না তেহরান। তারা এমন একটি সম্মানজনক সমঝোতা চায়, যা ভবিষ্যতে নতুন করে যুদ্ধের পথ বন্ধ করবে।